আইসিবি ইসলামিক ব্যাংকের বিদেশী ঊর্ধ্বতন দুই কর্মকর্তা নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত আর্থিক সুবিধা নিয়েছেন, যা তাদের নিয়োগ শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনা তদন্ত করে বাংলাদেশ ব্যাংক এ দুই কর্মকর্তার নেয়া অতিরিক্ত অর্থ আদায়ের নির্দেশ দিয়ে আইসিবি ব্যাংকে চিঠি পাঠিয়েছে। অভিযুক্ত কর্মকর্তারা হলেন— প্রধান পরিচালন কর্মকর্তা ভিলি ভিলাপ্পন ও ঋণ আদায় বিভাগের প্রধান কিষান সিংহ রায়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ বণিক বার্তাকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আমরা পেয়েছি। তবে ব্যাংকের কাজে ব্যস্ত থাকার কারণে কোনো অগ্রগতি হয়নি। শিগগিরই আমরা নির্দেশনা পরিপালন করে বাংলাদেশ ব্যাংককে জানাব।’
তবে ব্যাংকের ঋণ আদায় বিভাগের প্রধান কিষান সিংহ রায় বলেন, তার বিরুদ্ধে ব্যাংক এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বিদেশী দুই কর্মকর্তা নিয়োগপত্রের শর্তের বাইরে ব্যাংক থেকে বিভিন্নভাবে অতিরিক্ত সুবিধা নিয়েছেন। ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতনের ওপর (বেসিক) বোনাস দেয়া হলেও তাদের দেয়া হয়েছে মোট বেতন-ভাতার (গ্রস) ওপর ভিত্তি করে। বিভিন্নভাবে দুই কর্মকর্তা ব্যাংক থেকে প্রায় ২৫ লাখ টাকা অতিরিক্ত সুবিধা নিয়েছেন।
আইসিবি ইসলামিক ব্যাংকে পাঠানো বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, নিয়োগপত্রের শর্তের বাইরে দুই বিদেশী কর্মকর্তার মোট বেতন-ভাতার সুযোগ-সুবিধা বিভিন্ন ভাগে না দিয়ে
মূল বেতন বিবেচনা করে বাসাভাড়া, চিকিত্সা ভাতা, বোনাস, খাবার ভাতা, বীমা
সুবিধাসহ বিভিন্ন সুবিধা দেয়া হয়েছে। এমনকি বিনিয়োগ বোর্ডের কাজের অনুমতি নেয়ার
ক্ষেত্রেও মোট বেতন-ভাতাকে বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া কর্মকর্তারা মোট বেতন-ভাতার সমপরিমাণ অর্থ বোনাস হিসেবে দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে বিদেশী ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া নিয়োগপত্রের শর্তের বাইরে তারা যে অতিরিক্ত সুবিধা নিয়েছেন, তা নিরূপণ করে দ্রুত আদায় করার নির্দেশ দেয়া হয়েছে।
Discussion about this post