টানা অবরোধের কারণে রাজধানীর বাইরের গ্রাহকদের নগদ অর্থের চাহিদা পূরণ করতে পারছে না অনেক ব্যাংক শাখা। বিশেষ করে রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট অঞ্চলের শাখাগুলো গ্রাহকদের বড় অঙ্কের চেকের বিপরীতে অর্থ দিতে সময় নিচ্ছে। অবরোধের কারণে নগদ অর্থের সরবরাহ না থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে রাজধানীর বাইরের শাখাগুলো গ্রাহকদের রোষানলে পড়তে পারে বলে মনে করছেন একাধিক শাখা ব্যবস্থাপক।
জানা গেছে, গত সপ্তাহের সোমবার সর্বশেষ রাজধানীর বাইরের ব্যাংক শাখাগুলো নিজেদের মধ্যে লেনদেন করেছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অবরোধ থাকায় এ সময় তাদের মধ্যে নগদ অর্থের লেনদেন হয়নি। মাঝে শুক্রবার ছুটির দিন ছিল। এরপর গত শনিবার থেকে আবারো টানা অবরোধ শুরু হওয়ায় অনেক শাখা টাকাশূন্য হয়ে পড়েছে। তবে কিছু ব্যাংক শাখা বিশেষ ব্যবস্থায় ঝুঁকি নিয়ে নিজস্ব পরিবহনে অর্থ সরবরাহ করছে। তবে অনলাইন ব্যাংকিং সুবিধা রয়েছে এমন ব্যাংকের গ্রাহকরা যেকোনো শাখা থেকে অর্থ উত্তোলন করতে পারছেন।
মার্কেন্টাইল ব্যাংকের নওগাঁর সাপাহার, ইসলামী ব্যাংকের রংপুর, ঢাকা ব্যাংকের কক্সবাজারের চকরিয়া, স্ট্যান্ডার্ড ব্যাংকের টুঙ্গীপাড়া, এক্সিম ব্যাংকের সাভার শাখা ছাড়াও সাতক্ষীরা, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ ও মৌলভীবাজারের কয়েকটি শাখায় যোগাযোগ করলে জানানো হয়, অবরোধের কারণে লেনদেন আগের চেয়ে ৩০ শতাংশে নেমে এসেছে। নগদ অর্থের জমা ও উত্তোলন কমেছে। তবে এখন মাসের শুরু হওয়ায় উত্তোলনের চাপ বেড়েছে। এ কারণে সমস্যায় পড়তে হচ্ছে। বড় অঙ্কের চেকের অর্থ পরিশোধে দু-তিন দিন সময় নিতে হচ্ছে।
জানা গেছে, নতুন মাসের শুরু হওয়ায় সরকারি কর্মকর্তাদের বেতন দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাগুলোকে। বিভিন্ন সরকারি ভাতাও পরিশোধ করা যাচ্ছে না। এছাড়া শিল্প এলাকায় অনেক ব্যাংকের শাখা শ্রমিকদের বেতন দিতে গিয়েও বিপাকে পড়ছে।
এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী বণিক বার্তাকে বলেন, অবরোধের কারণে অর্থ সরবরাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। বিশেষ করে রাজধানীর বাইরে শাখাগুলোর যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। অনেক সময় বড় চেক পরিশোধে সময় নিতে হচ্ছে। তবে অনলাইন ব্যাংকিংয়ের কারণে কিছু সুবিধা পাওয়া যাচ্ছে।
রাজধানীর এটিএম বুথগুলোয় অর্থসংকট নিরসনে গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া অর্থ সরবরাহে নিরাপত্তা প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।
– See more at: http://www.bonikbarta.com/last-page/2013/12/04/24476#sthash.Femh4yan.dpuf
Discussion about this post