নিজস্ব প্রতিবেদক
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) পরিচালকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দ্রুত নিরসনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। গতকাল ব্যাংকের পরিচালকদের ডেকে তিনি এ পরামর্শ দেন। এক মাসের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে বলেছেন গভর্নর।
জানা যায়, পরিচালকদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এসআইবিএলের ব্যবসায়িক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। তবে ব্যবস্থাপনা স্বচ্ছ থাকায় আর্থিক সূচক কিছুটা ভালো অবস্থানে রয়েছে। এ ছাড়া ব্যাংকটির কয়েকজন পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে আইনি লড়াই চলছে দীর্ঘদিন ধরে। এ কারণে প্রায়ই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ব্যস্ত থাকতে হয় এসব মামলা নিয়ে। ফলে ব্যাংকটির ওপর অসন্তুষ্ট কেন্দ্রীয় ব্যাংক। এসব সমস্যা নিরসনে সম্প্রতি গভর্নর এসআইবিএলের পরিচালকদের ডেকে পাঠান। গতকাল ব্যাংকের চেয়ারম্যান আনিসুল হকসহ পরিচালকরা গভর্নরের সঙ্গে দেখা করেন।
এ সময় গভর্নর এক মাস সময় বেঁধে দিয়ে অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে সুশাসন নিশ্চিত করার পরামর্শ দেন।
সাক্ষাতের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, মহাব্যবস্থাপক আবদুর রহিম, কে এম আবদুল ওয়াদুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, পরিচালকদের অভ্যন্তরীণ কোন্দল, মিথ্যা তথ্য দিয়ে চেয়ারম্যান ও পরিচালক নির্বাচন করা, ব্যাংক পরিচালনায় অব্যবস্থাপনা, পরিচালক কর্তৃক বেনামি ঋণগ্রহণসহ নানামুখী সংকট দেখা দিয়েছে এসআইবিএলে। এসব বিষয় নিয়ে পরিচালকদের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তা ব্যাংক পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে।
Discussion about this post